ডেটিং অ্যাপে ঝুঁকেছে রুশ সেনারা!

২৬ ফেব্রুয়ারি, ২০২২ ০৯:০৬  
চারিদিকে বারুদের গন্ধ। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ইউক্রেনের মানুষ। এমন শ্বাসরুদ্ধ পরিস্থিতির মধ্যেও নাকি কিছু রুশ সেনা ইউক্রেনের সুন্দরীদের প্রেম খুঁজছেন ডেটিং অ্যাপে। ব্রিটেনের দ্য সান পত্রিকার অনলাইন সংস্করণে বলা হয়েছে, টিন্ডার নামের একটি ডেটিং অ্যাপে ইউক্রেনের সুন্দরীদের কাছে ‘রিকোয়েস্ট’ পাঠাচ্ছেন রুশ সেনারা। তারা বার্তা পাঠিয়ে ইউনিফর্ম পরা ছবিও পোস্ট করছেন। কিন্তু এ ঘটনায় ডেটিং অ্যাপে থাকা সুন্দরীরা পড়েছেন মহা ফাঁপড়ে। শুরু হয়েছে আতঙ্ক। অ্যাপে প্রবেশ করে তারা নিজেদের ঠিকানা বদলে ফেলছেন। রুশ সেনাদের আহ্বানের জবাবে ডেটিং অ্যাপের এক নারী বলেছেন, আমি তাদের কাউকেই আকর্ষণীয় মনে করিনি। আর শত্রুর সঙ্গে ঘুমানোর কথা কখনও চিন্তাও করি না। তবে ডেটিং অ্যাপে ইউক্রেনের নারীদের ‘প্রেমের রিকোয়েস্ট’ পাঠানো সেনারা যুদ্ধের ময়দানে আছেন কি না তা স্পষ্ট নয়। অপরদিকে রাশিয়ার আগ্রাসী হামলা থেকে ইউক্রেইনকে রক্ষায় বিয়ের পরপরই অস্ত্র সংগ্রহে সিএনএনসহ বিশ্ব গণমাধ্যমের শিরোনামে এসেছে ইয়ারিনা আরিভা এবং ভিয়াতোস্লাভ ফারসন নামের নবদম্পতি। টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সে যোগ দিয়ে রুশ সেনাদের বিরুদ্ধে ময়দানে নেমেছেন তারা, যা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।